Tuesday, February 20, 2024

সুদীর্ঘ যাত্রার একটি দলিলঃ সন্তোষ রায় কবিতা সমগ্র / তমালশেখর দে

 

        সুদীর্ঘ যাত্রার একটি দলিলঃ সন্তোষ রায়-এর কবিতা সমগ্র




 

যদি বলা হয়, একজন কবি সারাটি জীবনভর একটিই কবিতা লিখেন, তবু সেই সুদীর্ঘ যাত্রায় আসে কত না বাঁক। নিরন্তর সাধনা একজন কবিকে পরিণতির দিকে নিয়ে যায়। দূর থেকে পাখির চোখে দেখলে দিগন্ত বিস্তারী সেই ছবিটি নজরে আসে। সত্তর দশক থেকে সুদীর্ঘ পাঁচ দশকের নিরন্তর সাধনায় কবি সন্তোষ রায়ও গেছেন কত অজস্র বাঁক পেরিয়ে। কত না ঢেউয়ের ভেতর দিয়ে তার নিরন্তর ভেসে চলা। তিনি আপাদমস্তক কবি। ধীরে ধীরে তিনি অর্জন করেছেন এক নিজস্ব ভাষা। বাংলা কবিতার পাঠকের কাছে যা ছিল অজানা। তার কবিতা সৎভাবে তার যাপনের ভেতর থেকে উঠে আসে। তার সুদীর্ঘ যাত্রার ছবিটিই সূক্ষ্মতর ব্যাঞ্জনায় ফুটে উঠেছে গ্রন্থটিতে। এটি একটি দলিল। 

        ১৯৮৩ সালে বের হয় কবির প্রথম কাব্যগ্রন্থ 'কালো ঘোড়ার গান'সত্তর দশকের উত্তাল সময়ের ছাপ গ্রন্থটির ছত্রে ছত্রে। সে  সময় চলছে গ্রুপ সেঞ্চুরি আন্দোলনও। কিন্তু ধীরে ধীরে সেই যূথবদ্ধ উচ্চারণ থেকে সরে তিনি নিজস্ব ভাষা অর্জন করেন। 'নদীমাতৃক' হয়ে তার সাধনা ও যাপনই তাকে নিয়ে যায় 'আঁধার শ্লেটের বর্ণমালা', 'ঘরে কেউ নেই', 'এই আমার আছে', 'শুভরেখা', 'শূন্যে আমি একা নই', 'ইহলোকের কবিতা', 'জলযাত্রী' হয়ে 'সাধনার পাখি' অভিমুখে। 'এই আমার আছে'-তে যে সহজিয়া সুর কবি আয়ত্ত্ব করলেন, সেই মাটির ভাষা এক জীবনে অর্জন করা সহজ নয়। নিরীক্ষা যখন যাপনের স্বতঃস্ফূর্ত প্রকাশ হয়, কবিতা তখন ভিন্নতর মাত্রা অর্জন করে। 'শুভরেখা' যেমন ত্রিপুরার জল হাওয়া রোদ লোককথা নিয়ে ফুটে ওঠে, তেমনি 'জলযাত্রী' মায়ের প্রয়াণের সময় অশৌচ পালনের সময়ের অনুভবী প্রকাশ। এক জীবনে কত রঙ, কত সংকট, কত আলো। সবই অস্তিত্বের ঘোষণা। কবি তাই বলেন, কবিতা থেকে কবিতার জন্ম হয় না; জীবন থেকেই হয়ে ওঠে কবিতা। সুতরাং কবির শিকড়েই কবিতার চাষবাস। সেখানেই কৃষিকাজ। লালনই সেই পথের মোড়ে নিয়ে যায়।

         তার প্রতিটি কাব্যগ্রন্থেই আছে সেই বাঁক বদলের স্বাক্ষর। সত্তরের দ্রোহ ও বৈপ্লবিক চেতনার ভেতরেই রোপিত হয়ে যায় অন্তর্লীন বোধের মগ্ন স্বর। যদিও অপ্রকাশিত কবিতাই বেশি, তবু হিমশৈলের চূড়ার মত নীহারিকা থেকে প্রকাশিত 'কবিতাসমগ্র' গ্রন্থটি তার এ যাবৎকাল পর্যন্ত গ্রন্থভুক্ত কবিতাবলীর একক প্রকাশ। প্রথম থেকে নিবিড় পাঠ করলে পাঠকের মননে ধরা দেবে বাংলা কবিতার এক অনাবিষ্কৃত জগৎ। ধ্বনি ও শব্দের অপূর্ব ব্যাঞ্জনা ও ভারসাম্য। সর্বোপরি কবিতা। নীহারিকা কবির সমগ্র প্রকাশ করার মত গুরুত্বপূর্ণ ও অভিজাত কাজ করে শ্রদ্ধাভাজন হয়েছেন। কৃষ্ণধনকৃত নান্দনিক প্রচ্ছদ প্রশংসনীয়।

 

আলোচনা- অভিজিৎ চক্রবর্তী

বই ঃ ‘সন্তোষ রায়ঃ কবিতা সমগ্র’

প্রকাশনী- নীহারিকা

মূল্য- ৭৫০ টাকা

No comments:

Post a Comment

অরণ্যের নির্জনতা, ধান ক্ষেতে রঙীন শোভা, মাদলের শব্দ এর মধ্যেই আমি এখনও ডুবে আছি' ‎

  'অরণ্যের নির্জনতা, ধান ক্ষেতে রঙীন শোভা, মাদলের শব্দ এর মধ্যেই আমি এখনও ডুবে আছি' ‎ ‎সত্তর দশকের উন্মাদনায় এক ভিন্ন উচ্চারণ-ভঙ্গ...