কবিতার ভিতর দিয়েই জগতকে পরিক্রমা করতে আগ্রহী কবি অমিতাভ কর / তমালশেখর দে
অমিতাভ কর ত্রিপুরা রাজ্যের পরিচিত একজন কবি।
তথাগত অর্থে আশির দশকের কবি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “এই রৌদ্রময় প্রান্তর”বের হয় ১৯৮২ সালে। প্রথম কাব্যগ্রন্থের ৩৩ বছর পর বের
হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ “ভাঙা কাচের রাত”। এই দীর্ঘদিন না-লেখার পেছনে অবশ্যই
তাঁর পেশাগত জীবন দায়ী ছিল। কবি কর্মজীবনের ছিলেন ভারতীয় আরক্ষা দফতরের
মহানির্দেশক। কবি নিজের আরোপিত নির্বাসন নিয়ে পরে কবি নিজেই বলেছেন –‘কবিতা লেখা
নিয়ে সমস্যা এই যে মাথায় একটা পংক্তি এলে যতক্ষণ অবধি না পরের বা আগের পংক্তিগুলো
ধরা দিচ্ছে ততক্ষণ শান্তি নেই। এইজন্য আরা দফতরে থাকাকালীন সময়ে কবিতাকে জোর করে
সরিয়ে রেখেছিলাম।’ যাই হোক, তারপরও কবি কবিতা থেকে সরে যাননি, এটাই আমাদের প্রাপ্তি। “ নির্বাচিত
অমিতাভ কর” গ্রন্থে কবির মোট পাঁচটি কাব্যগ্রন্থ এবং অগ্রন্থিত কিছু কবিতা থেকে
নির্বাচিত কবিতার সংকলন হচ্ছে এই গ্রন্থ। সেই অর্থে এখানে আমরা কবি অমিতাভ করকে
সম্পূর্ণ রূপে পেয়ে যাই।
১৯৭১ সালে লেখা কবির কবিতা পড়েই প্রথমে মুগ্ধ
হতে হয়। যেখানে কবি লিখছেন – “খুলে বলা যায় না কাউকে,/ তোমাকেও নয়, গহিন বনের
ইউক্যালিপ্টাস/ পৃথিবীর পরে অভিমানহীন আমি/ তবু জেগে থাকি” (শাণিত দুঃখের হাতে)
কিংবা “ যেখানেই যাই, প্রিয়তমা,/ চেয়ে থাক অনন্ত কৌতুকে,/ এ হৃদয় ভেসেছিল চিতার
সোনালি স্রোতে,/ জারোয়াদের নাচের তালে পরিপূর্ণ/ এ কেমন দিন? এ কেমন ভ্রান্ত রাত?”
(যেখানেই যাই)
কবির কবিতায় দৃশ্যের পর দৃশ্য আছে।
চিত্রকল্পের বহমান কারুকার্য আছে। কবির দেখা আমাদের মুগ্ধ করে। “ সময় ধীরে ধীরে
সবাইকে নক্ষত্রধূলি বানিয়ে দেয়। হেমন্তের/ ঝরা পাতা মৃত্যু দ্যোতক নয়,
রুপান্তরমাত্র। এরমধ্যে/ আমরা ভুলে যাই আমাদের লক্ষ্য, শরীর ভালোবাসি বলে/ শিশুর
মতন বিস্ময়ে, ভয়ে মেটামরফোসিসের দিকে/ স্মৃতিহীন বিভ্রমে চেয়ে থাকি;” (সময়)
কবি অমিতাভ কর-কে খুব চট করে পড়তে গেলে মুস্কিল। তাঁর কবিতা পড়তে
হবে কিছুটা সময় নিয়ে। তিনি জীবনকে দেখেন খুব গভীর থেকে। শব্দ ব্যবহারেও তিনি থাকেন বেশ সতর্ক। কবিতা প্রিয় পাঠকদের খুবই
প্রিয় হয়ে উঠবে “ নির্বাচিত অমিতাভ কর” গ্রন্থটি আশা করতেই পারি। কবির নিজস্ব একটা
ঢং আছে, ভাষা আছে। কবিতার ভিতর দিয়ে জীবন ও সমাজ বাস্তাবতাকে দেখতে চান নিজের
আলোকে। এখানেই তিনি স্বতন্ত্র। কবিতার ভিতর দিয়েই তিনি জগতকে পরিক্রমা করতে
আগ্রহী।
বইঃ ‘নির্বাচিত অমিতাভ কর’
লেখকঃ অমিতাভ কর
নীহারিকা প্রকাশনী, আগরতলা
মূল্য ঃ ৩০০ টাকা

No comments:
Post a Comment