করোনা অতিমারির একটি দলিল এই সংকলন
আলোচনা ঃ তমালশেখর দে
করোনা অতিমারি আমাদের জীবনের এক নতুন অভিজ্ঞতা । এই শতকের জন্যও এক বিপর্যয় । এই মহামারির কল্যাণে আমরা লকডাউনের বিভিন্ন রূপের সাথে পরিচিত হতে পেরেছি । দীর্ঘ লকডাউনের সময় আমরা বহুভাবে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি । কেউ কেউ সিরিয়াস কাজ করেছেন । কেউ কেউ অবসরেই কাটিয়ে দিয়েছেন অবসরের এই বেলা । কিন্তু অনেকের কৌতুহল ছিল সৃজনশীল মানুষদের নিয়ে । বিশেষ করে যারা লেখালেখির সাথে জড়িয়ে । সেই কৌতুহলকেই গল্পকার সোমা গঙ্গোপাধ্যায় একটি রূপদান করেন তার সংকলিত ‘লকডাউনের ডায়েরি’ গ্রন্থে । ত্রিপুরার মোট ২৫ জন লেখিকার গল্পের আদলে তাদের অভিজ্ঞতার কথামালা নিয়ে মোট ছাব্বিশটি পর্বে রচিত হয়েছে এই সংকলন । সোমা গঙ্গোপাধ্যায় তার এই বইয়ের ভাবনার দিকটা বলতে গিয়ে ভুমিকায় বলেছেন – ‘লকডাউনের ডায়েরি, গল্প হলেও সত্যি, এ এক ক্রান্তিকালের চিত্র, আমাদের চলমান জীবনের এক গুরুত্বপূর্ণ দলিল যেখানে করোনা অতিমারি পরিস্থিতিতে বিপন্ন মানুষের অসহায়তার জীবন্ত চিত্র ফুটে উঠেছে । পটভূমি ত্রিপুরা এবং চরিত্রগুলো আমাদের প্রত্যেকেরই খুব চেনা ।”
‘লকডাউনের ডায়েরি’-র সংকলনে লিখেছেন ত্রিপুরার প্রখ্যাত সব লেখিকারাই । সবার লেখাতেই উঠে এসেছে লকডাউনের সময়ের বিভিন্ন রকমের সমস্যা ব্যথা-বেদনার কথা । যেহেতু এখানে সবাই লেখিকা, তাই তাদের লেখার একটা দৃষ্টিকোণ স্বাভাবিকভাবেই পড়েছে ঘর-সংসারকেন্দ্রিক। ২৩শে মার্চ, ২০২০ ত্রিপুরা সরকার লকডাউন ঘোষণা করে । মূলত তারপর থেকেই একেকটা গল্পের চরিত্রগুলো তাদের দেখা শুরু করে । চমৎকার সব গল্পের সমাহার ঘটেছে এই গ্রন্থে । অসাধারণ লিখেছেন সোমা গঙ্গোপাধ্যায়, তেমনি লিখেছেন – রিয়া দেবী, মিতা রায়, দীপান্বিতা সেনগুপ্ত দেবশ্রিতা চৌধুরী, নন্দিতা দত্ত, অর্পিতা আচার্য, নন্দিতা ভট্টাচার্য, রীতা শিব, মন্দিরা লস্কর, সুমিতা ধর বসুঠাকুর, সোনালী রায় বাগচী প্রমুখ । বইটির দারুণ প্রচ্ছদ করেছেন অনিমেষ মাহাতো । ‘লকডাউনের ডায়েরি’ ত্রিপুরার সাহিত্যে করোনা অতিমারীর প্রেক্ষিতে ত্রিপুরার লেখিকাদের সমবেত করে সোমা গঙ্গোপাধ্যায়ের এই প্রয়াস নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে আগামীতে ত্রিপুরার সাহিত্যে।
বই ঃ লকডাউনের ডায়েরি
সম্পাদক ঃ সোমা গঙ্গোপাধ্যায়
প্রকাশক ঃ নীহারিকা প্রকাশনী, আগরতলা
মূল্য ঃ ৩০০ টাকা
No comments:
Post a Comment