Tuesday, February 20, 2024

কবিতার গেরিলা যোদ্ধা ছিলেন কবি অরুণ বণিক / তমালশেখর দে

 






কবিতার গেরিলা যোদ্ধা ছিলেন কবি অরুণ বণিক

            আলোচনা ঃ তমালশেখর দে 

 

 

“কাল যে বিশ টাকা ধার দিয়েছিল

আজ সে খসিয়ে নিল একশ টাকা,

অতনুকে গতরাতে মনে হয়েছিল

উচ্ছ্বল আনন্দের সহচর

আজ দূর থেকে দেখি

উপজাতির পকেট হাতিয়ে নিয়ে নিচ্ছে

সর্বস্ব, এমনকি স্ত্রীলোকের

ইজ্জত পর্যন্ত!”

উপরোক্ত কবির নাম হচ্ছে অরুণ বণিক । সাতের দশকে যখন ত্রিপুরায় হাংরি আন্দোলনের ছোঁয়া লাগে কবি প্রদীপ চৌধুরীর হাত ধরে, তখন উদীয়মান যে-কজন কবি উঠে এসেছিলেন, তাদের মধ্যে অবশ্যই অন্যতম একজন হলেন  অরুণ বণিক। কবিতার শরীরে সহজসরল বাক্যের বাঁকে বাঁকে অসাধারণভাবে বলে যেতে পারতেন সটান সটান চাবুকের মতো যত কথা । স্বকাল, ফুঃ, ক্ষুধার্ত, ঢিল, অনার্য, সাইরেন লিটিল ম্যাগাজিনে লিখতেন নিয়মিত ।  ১৯৮৯ সালে সম্পাদনা করেন ‘গেরিলা’ নামক  লিটিল ম্যাগাজিন । এবং সম্পাদক হয়ে শুরুতেই ঘোষণা করে বসেন – “ যে সূর্যের ভ্রুকুটি আমাদের শাসায়—যে রাত্রি বাড়িয়ে দেয়, ঘাতকের রোমশ হাত । সেখানে বুকের সব কথা কি আমরা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি ? আগ্নেয়গিরির টগবগে লাভার মত গর্জনশীল সেইসব কথার ক্ষুদ্র ভগ্নাংশ থেকে বেরিয়ে আসে সৎ চেতনার আগ্নেয় পাখি । আমাদের ‘গেরিলা’ তাই চির তরুণ প্রাণের আগুনের পাখিদের মুক্তির বিস্তীর্ণ আকাশ

কবি অরুণ বণিক ছিলেন শিশুর মতো সরল । আবার দানবের মতো সাহসী । হয়ত তাই কবিকে সহ্য করতে পারেনি কতিপয় তৎকালীন লোকজন । ১৯৯২ সালের সেপ্টেম্বরে কবির মাথায় আঘাত করে বালিশচাপা দিয়ে খুন করে অমরপুরের অমরসাগরে ফেলে দেয়া হয় । বিচার হয়নি আজও! এই কবিকে নিয়ে আগে লিটিল ম্যাগাজিনে কিছু লেখা হয়েছে। কবি অরুণ বণিক  নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন কবি প্রবন্ধকার জ্যোতির্ময় দাস তার – “ নিজস্ব পাঠে কবি অরুণ বণিক” গ্রন্থে । তবে আরও অনেক কথা বলা যেত । কাজ করা যেত কবি অরুণ বণিকের উপর । তার লিখিত সম্পাদকীয়গুলো ত্রিপুরার সাহিত্যের এক অমূল্য সম্পদ বলে আমি মনে করি । আশা করি আগামিতে লেখক সেসব নিয়ে আরও গভীরে চিন্তাভাবনা করবেন । জ্যোতির্ময় দাসের কাছে  সেটাই আমাদের কাম্য । এর আগেও তিনি বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন।   তারপরও বলবো, অরুণ বণিককে নিয়ে লেখকের এই কাজ অনুসন্ধানী পাঠকদের খুব ভাল লাগবে বইটির খুবই চিত্তাকর্ষক এবং  মননশীল প্রচ্ছদ করেছেন গোপাল দেবনাথ । ত্রিপুরার হাংরি আন্দোলন নিয়ে যারা  উৎসাহী তাদের জন্য খুবই উপযোগী একটি বই - “ নিজস্ব পাঠে কবি অরুণ বণিক”  

 

 

বই ঃ নিজস্ব পাঠে কবি অরুণ বণিক

লেখক ঃ জ্যোতির্ময় দাস

প্রকাশক ঃ নীহারিকা প্রকাশনী, আগরতলা । 

 মূল্য ঃ ১৭০ টাকা  

No comments:

Post a Comment

অরণ্যের নির্জনতা, ধান ক্ষেতে রঙীন শোভা, মাদলের শব্দ এর মধ্যেই আমি এখনও ডুবে আছি' ‎

  'অরণ্যের নির্জনতা, ধান ক্ষেতে রঙীন শোভা, মাদলের শব্দ এর মধ্যেই আমি এখনও ডুবে আছি' ‎ ‎সত্তর দশকের উন্মাদনায় এক ভিন্ন উচ্চারণ-ভঙ্গ...