'গ্যান পয়েন্ট কবিতা সংকলন'- তমাল শেখর দে- পাঠপ্রতিক্রিয়া
~
কবি তমাল শেখর দে'র 'গ্যান পয়েন্ট কবিতা সংকলন' পড়তে পড়তে দার্শনিক রুমির একটি বিখ্যাত উক্তির কথা বারবার মনে পড়ে-'You are not a drop in the ocean, you are the entire ocean in a drop'। এবারে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে। তাঁর ক্ষেত্রে সেই 'You' অর্থাৎ 'তুমি'টি কে সে নিজে না তাঁর কবিতা সংকলনে উপস্থিত ভাবনার বাঙ্ময়তার তৃতীয় অধ্যায়?ঠিক পূর্ববর্তী বইয়ে যে কবি তার দীর্ঘকবিতার তীব্র ও দক্ষ ক্ষুর দ্বারা আহত করেছেন সময়ের ক্ষুন্নিবৃত্তিকে সেই একই লেখক নিজের লেখনীতে টেনে আনলেন চরম সংযম?নাতিদীর্ঘ ভাবনার বিচ্ছুরণ যে চিন্তার স্থির সমুদ্রে টর্নেডো তৈরী করে দিতে পারে তার পরিচয়, তার বিস্ময়কর বোধের জন্মানু লুকিয়ে থাকতে দেখা যায় 'গ্যান পয়েন্ট কবিতা সংকলনের' প্রতিটি কবিতা/অনুকবিতার পরতে পরতে'।এখানেই কবির কবিতার প্রতি কমিটমেন্টের নিরর্গল ও নিরবিচ্ছিন্ন প্রয়াগ যা তাকে পাঠকের স্মৃতিবেদনাতুরতার বুকে চিরকাল চিহ্নিত করে রাখার আয়োজনে উচাটন ও মত্ত। আর যে সমুদ্র একটি মাত্র জলের ফোটায় অবস্থান করে সেই সমুদ্রটিই তাঁর আত্মার ক্ষুধাবিন্দু।
'বড় সহজে একটা দিন আমাকে অতিক্রম করে যায়
একটা দিনকে আমি অতিক্রম করতে পারি না
সারাজীবনের রাত যোগ করে।'
-'ব্যার্থতা'
কবিতাটিতে প্রথম লাইনে 'দিন' সাব্জেক্ট।'আমি' প্রেডিকেট'।আবার পরের লাইনে 'আমি' সাব্জেক্ট 'দিন' প্রেডিকেট আবার শেষ লাইনে "সারাজীবনের রাত' ফ্রেজটি ওপরের পুরোপুরি দুটো লাইনকে সাব্জেক্ট করে দিয়ে নিজে নিজেকে একটি অল্টারনেটিভ প্রেডিকেট করে দিচ্ছে। এই যান্ত্রিক কারিকুরি তিনটি লাইনকে বহুত্বের সঙ্গে যুক্ত করে ।এক অদ্ভুত বিস্ময়বোধ।এটা কবির মুন্সিয়ানার সার্থকতা যা নিভৃতের।হৃদয়ের অনন্ত গভীরতায় যার পদার্পণ।
একইভাবে -
'যতক্ষন জেগে থাকি ততক্ষন ভালোবাসার কথা মনে পড়ে
ঘুমিয়ে গেলে কেঁদে ওঠে পাখি
যে পাখি ঘুমায়নি বহুদিন'
-জাগরণ
ভালোবাসা কবির সম্প্রদায়। অথচ কত সুন্দর সেই ভালোবাসার প্রকোষ্ঠঃ
'আমার মনে পড়লে,আমি তাকে দেখে আসি,
তার মনে পড়লে,
সে আমাকে দেখে যায়।'
-ভালোবাসা/১
যদিওবা এই সূত্র অনেকটাই নির্মম ইদানীন্তন জেনারেশনের প্রেক্ষিতে তবু একজন কবিরও যে যথাযথ প্রাপ্তমনস্ক হতে হয় অন্তত সাধারণ মানুষ হিসেবে এখানে আমরা তারই সুঘ্রাণ পাই।
একটি ভয়ঙ্কর সময়ের টার্মুয়েলে এখন সভ্যতা।যেখানে প্রতিদিন আমরা মুখোমুখি হচ্ছি বর্বরোচিত ও অশ্লীল অপরাধের সাথে।বিভৎসভাবে ক্ষয় হয়ে যাচ্ছে মানবীয় মূল্যবোধ।ক্ষয় হয়ে যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ।এমতাবস্থায় দাঁড়িয়ে একজন কবি স্থানিকতার প্রহসনকে কাজে লাগিয়ে উচ্চারণ করছেনঃ
'ধামাইল নাচের সঙ্গে তোমার ঐ ওঠা,ঐ নামা
আমাকে মন্ত্রমুগ্ধের মতো দাঁড় করিয়ে রাখে।
তুমি যখন মাথা নোয়াও মনে হয় তুমি প্রণতি
আর যখন ওঠাও মনে হয় তুমি দেবী।'
-'ধামাইল'
এটাই কবির প্রখর নারীবাদ।এটাই কবির সাহস সচেতন মানুষ হিসেবে। এটাই তাঁর সভ্যতার স্খলনের বিরুদ্ধে প্রতিবিপ্লব, রাজনৈতিক প্রতিহিংসার প্রতি শ্লেষঃ
'বেয়নেট থেকে গুলিটা তখনই বেরিয়েছিল
যখন কৃষকের মুখ থেকে বেরিয়েছিল - 'না'।
আজ 'না' পেয়ে গেল নায়কের সম্মান... '
এরকম আরো বহু।কবি তমাল শেখর দের কবিতার অদ্যাবধি প্রকৌশলী ভীষণ সুস্পষ্ট ও প্রজ্ঞামথিত যা তার প্রতিনিয়ত জৈবানিক ক্রিয়াবাচক বাচনভঙ্গি দ্বারা তাকে সরলভাবে আলাদা করে বলে আমার ব্যাক্তিগতভাবে মনে হয়।তাঁর প্রণম্য পাঠ অভিজ্ঞতা ও সাহিত্যের নিরলস কর্মস্পৃহার সাথে ত্রিপুরা রাজ্য সমেত বহির্বঙ্গের অনেক সৃষ্টিশীল মানুষ ও পাঠকসমাজ সুপরিচিত। 'গ্যান পয়েন্ট কবিতা সংকলন' খুবই পরিশীলিতভাবে প্রকাশ পেয়েছে রাজ্যের সুপরিচিত নীহারিকা প্রকাশনী থেকে।নীহারিকা প্রকাশনীর কর্ণধার তীর্থঙ্কর দাশকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা এই উদ্যোগ এর জন্য।উল্লেখ্য এই বই এর নামাকরণ এর গ এ যফলা আকারকে জ্ঞ-এর সাথে তুলনা না করাটাই শ্রেয় কেননা ওয়েস্টার্ন ফনেটিক্স অনুযায়ী Gun এর উচ্চারণ অনেকটা গ্যান এর মতই।শেষে এই সংকলনের সবচাইতে ভালোলাগা একটি কবিতা এই সংক্ষিপ্ত পাঠ প্রতিক্রিয়ার উপসংহার হিসেবে তুলে ধরছিঃ
'ব্রহ্মমুহুর্ত'
'দুইটি দীর্ঘশ্বাস মিলে আজ যে ইতিহাস রচিত হল
তার সামনে শরীর নেহাতই বড় তুচ্ছ!'

No comments:
Post a Comment