কথাকার দুলাল
ঘোষ সৃষ্টির
এক
নিবিড় অন্তর্বিক্ষেপ করেছেন সেলিম
মুস্তাফা
তমালশেখর দে
সম্প্রতি
প্রকাশিত “কথাকার দুলাল ঘোষ সৃষ্টির অন্তর্বিক্ষেপ” এই গ্রন্থে দুলাল ঘোষ এবং তাঁর
যাবতীয় লেখালেখিকে আমরা নতুন এক দর্শনে, উপলব্ধিতে , অনুভবে মনের ভিতরে আবিষ্কার
করি । সেলিম মুস্তাফার আলোচনার ছোট্ট একটা অংশ এখানে উদাহরণ হিসেবে তুলে ধরছি – “
এখন পর্যন্ত যতগুলি গল্প আমরা পেলাম সবই, আমার মনে হয়েছে আঙ্গিকপ্রধান বয়ান । যদিও ছেঁড়া সুতোর মতো একটা
গল্প অবশ্যই আছে ভেতরে বহমান । রচনায় দুটো প্রধান বিষয় আমরা খুঁজি – বিষয় আর আঙ্গিক
। কী বললেন লেখক আর কীভাবে বললেন । এই দুটোই জরুরি । বিষয়হীন বলে কিছু হয় না ।
কারণ আঙ্গিক পরাশ্রয়ী । তার প্রকাশ ও বিকাশের জন্য বিষয় চাই আশ্রয়দাতা হিসেবে ।
তেমনি আঙ্গিকের অজস্র ডালপালা । দেখা, বীক্ষণবিন্দু, কী দেখা, কতটুকু দেখা, ভাষা,
চিহ্নায়ক চয়ন, উপস্থাপনার মাত্রা ইত্যাদি ইত্যাদি অগণন ব্যাপার রয়েছে । ... কিন্তু
তারপরও কথা থেকে যায় । সেটা হচ্ছে নিরীক্ষার সার্থকতা । সঞ্চরণ । কম্যুনিকেশন ।
এক্সপেরিমেন্ট সম্পূর্ণ সফল না হলে অষুধ সম্পর্কে সন্দেহ থেকে যায় । বিপরীত
প্রতিক্রিয়াও হতে পারে । দুলাল ঘোষের গল্প পড়তে পড়তে এইসব প্রশ্ন পাঠকের মনে জাগতেই পারে –
দুরধিগম্যতার, দুরবগাহতার ।”
গল্পকার দুলাল ঘোষের সেই তথাকথিত দুরধিগম্যতার, দুরবগাহতার, ভিতরে
প্রবেশ করে সেলিম মুস্তাফা প্রতিটি রচনাকে উন্মুক্ত করেছেন । কখনও তীক্ষ্ণ
প্রশ্নে, কখনও ভালবাসায় গল্পকারকে কাছে টেনে নিয়েছেন প্রকৃত আলোচকের মতো । এই গ্রন্থের সবচেয়ে বড় কথা, আলোচক কোথাও আলোচনার
ক্ষেত্রে আপস করেননি । এবং আলোচনা প্রসঙ্গে প্রাসঙ্গিক তাত্ত্বিক কথাও আলোচনায়
এনেছেন, যা গ্রন্থটিকে আলাদা মর্যাদায় উন্নীত করেছে । দুলাল ঘোষের ছোটোগল্প, অনুগল্প,
আর উপন্যাস দুটির আলোচনা পাঠ করে এটা মনে হয়েছে, সেলিম মুস্তাফা তাঁর নিজের
মতামতকেই অধিক গুরুত্ব দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে । এতে আমরা নিরপেক্ষ একটা
দৃষ্টিভঙ্গি পেয়েছি, যা ত্রিপুরার সাহিত্য আলোচনায় অনেকটাই দুর্লভ । এবং দুলাল ঘোষ সম্পর্কেও তাঁর মূল্যায়ন প্রায় একই ।
তিনি লিখছেন – “ একথা পরিষ্কার যে, তিনি
শুরুতেই স্থির করে নিয়েছেন, যা আসলে বলার, তা-ই বলবেন, একেবারে কাছ থেকে বলবেন,
নিজের পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা থেকে বলবেন, একজন ‘ পার্টিসিপেন্ট অবজার্ভার’ হয়ে
বলবেন, যেরকম একজন নাট্যকার স্বয়ং নাটকের কুশীলব হয়ে পরিবেশন করেন তাঁর নির্ভেজাল
অপ্রতিরোধ্য বক্তব্য ।”
ত্রিপুরার গল্প-উপন্যাস
সাহিত্যে দুলাল ঘোষ এক অনিবার্য নাম । ‘অনিবার্য’- শব্দটার পেছনে রয়েছে তাঁর বহু
প্রাপ্তি । বহু সংগ্রাম । বহু পরীক্ষা-নিরীক্ষা । সেই সবই সেলিম মুস্তাফা “কথাকার দুলাল ঘোষ সৃষ্টির অন্তর্বিক্ষেপ” – বিস্তারিত আলোচনা করেছেন । এটা নিছক আলোচনামূলক
গ্রন্থ নয়, আলোচনার ক্ষেত্রে কীভাবে একজন লেখককে আবিষ্কার করতে হয়, তারও একটা পাঠ
পাওয়া যায় । আশা করি, আপনাদের ভালো লাগবে
।
গ্রন্থ -- কথাকার
দুলাল
ঘোষ সৃষ্টির অন্তর্বিক্ষেপ
লেখক – সেলিম মুস্তাফা
প্রকাশক – সৈকত প্রকাশক
/ আগরতলা
মূল্য – ২৮০ টাকা
.jpeg)
No comments:
Post a Comment